নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, গঠনতন্ত্র অনুসরণ, নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠন এবং অভ্যন্তরীণ উন্নয়নসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার দিনব্যাপী পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্যদের পাশাপাশি রাজধানীর অন্তত ২০টি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পূর্বাচল ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ক্লাবের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো, পরিচালনা পদ্ধতি, গঠনতন্ত্র অনুসরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। নিয়মিত কমিটি গঠন না হওয়া পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী এডহক কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় রয়েল ক্লাবের জহির রায়হান, বোর্ড ক্লাবের নাসির উদ্দিন মাহমুদ, উত্তরা ক্লাবের ফয়সাল তাহেরসহ ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, অল কমিউনিটি ক্লাব, ফ্লাইং ক্লাব ও রিয়েল এস্টেট ক্লাবসহ রাজধানীর অন্তত ২০টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় ক্লাবের উপদেষ্টা ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এডহক কমিটির সদস্যসচিব এসএম আবদুল্লাহ বিন শফিক, কমিটির সদস্য ও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, সংসদ সদস্য খন্দকার আবু আশফাকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে গঠনতন্ত্র অনুসরণ করে একটি সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর ক্লাব পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















