নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিজ অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার ও মেরামত করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধুখালী মসজিদ রোড ও ইউনিয়ন পরিষদ সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এসব সড়কে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মধুখালী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রধান সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় চলাচলে সমস্যা সৃষ্টি হয়। বিষয়টি গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের সময় আবু মোহাম্মদ মাসুমকে জানানো হলে তিনি নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সংস্কারকাজের উদ্বোধনকালে আবু মোহাম্মদ মাসুম বলেন, মধুখালী প্রধান সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ভাঙা অংশে গাইড ওয়াল নির্মাণ করে পাকা করে দেওয়া হচ্ছে। গ্রামীণ সড়কের দুর্ভোগ কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নিজের ব্যবসার মুনাফার ৮০ শতাংশই জনগণের কল্যাণে ব্যয় করছি। পাশাপাশি বড় বাজেটের সড়ক উন্নয়নকাজগুলো সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সহযোগিতায় বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে কাজ করছি। আমি রূপগঞ্জ ইউনিয়নবাসীর জন্য কাজ করছি। ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে এলাকাবাসীর উন্নয়নে আরও বহুগুণ বেশি কাজ করব।
স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালীর প্রধান সড়কের ভাঙা অংশের কারণে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। বিষয়টি আবু মোহাম্মদ মাসুমকে জানানোর পর তিনি দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তাঁর নিজস্ব অর্থায়নে সড়ক মেরামতের এ উদ্যোগে এলাকাবাসীর দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 


















