নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ভোলাব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন টিটু। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি, কাঞ্চন পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ডাক্তার কামাল দেওয়ান।
সম্মেলন পরিচালনা করেন ভোলাব ইউনিয়ন শাখার সভাপতি এম.এ. রহিম ও সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাহাবুব রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল কবির।
বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা নানা দিক থেকে অবহেলিত হলেও গ্রামাঞ্চলের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার ক্ষেত্রে তারাই প্রথম ভরসা। বিশেষ করে দিনমজুর, নিম্নআয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, পেশাগত দায়িত্বশীলতা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং চিকিৎসাসেবার মান বজায় রাখার বিষয়ে পল্লী চিকিৎসকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি সংগঠনের ঐক্য ও কার্যক্রম জোরদার করে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সম্মেলনের শেষ পর্যায়ে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















