নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পৌরসভা গঠনের প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রূপগঞ্জে পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার।
গেজেটে সংশ্লিষ্ট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এসব মৌজাকে শহর এলাকা ঘোষণার আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সময়ে পৌরসভা গঠনের পথ তৈরি হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুসারে গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। একই ধারার উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে সরকার।
আইন অনুযায়ী, নতুন পৌরসভা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট পল্লি এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর প্রয়োজনীয় আইনি শর্ত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার।
তবে প্রকাশিত প্রজ্ঞাপনে ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। এতে কেবল সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানী ঢাকার নিকটবর্তী রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পৌরসভা গঠিত হলে উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















