যুদ্ধ ও সংঘাতের কারণে পরিবেশের ক্ষতি, জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে বুধবার তাদের বক্তব্যে এসব বিষয় উঠে আসে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা জলবায়ু সংকটের পাশাপাশি যুদ্ধের পরিবেশগত প্রভাব তুলে ধরেন।
বুধবার শুরু হওয়া দুই দিনের লিডার্স সামিটের দ্বিতীয় দিনের কার্যক্রম বৃহস্পতিবারও চলবে। বুধবার বিশ্বনেতাদের বক্তব্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত, গাজা আগ্রাসন এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে।
সামরিক আগ্রাসনের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তার দায় নির্ধারণ ও ক্ষতিপূরণের দাবিও জানান কোনো কোনো নেতা।
ক্ষতিপূরণের দাবি ইরানের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের পরিবেশের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধের কারণে মানুষের পাশাপাশি প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, শান্তিকালীন জলবায়ু অঙ্গীকারের সঙ্গে যুদ্ধকালীন দায়বদ্ধতার সম্পর্ক তৈরি করতে হবে। সামরিক আগ্রাসনে পরিবেশের যে ক্ষতি হয়, তা নথিভুক্ত ও মূল্যায়নের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
পেজেশকিয়ান সশস্ত্র সংঘাতকে প্রকৃতি ধ্বংসের অন্যতম কারণ হিসেবে তুলে ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন। তার বক্তব্যে গাজার জলপাইগাছ ধ্বংস, মাটি ও পানিদূষণ এবং নগর অবকাঠামো ধ্বংসের বিষয়গুলো উঠে আসে।
তিনি বলেন, যুদ্ধের কারণে পরিবেশের ক্ষতি অনেক সময় আড়ালে থেকে যায়। এসব ক্ষয়ক্ষতির যথাযথ হিসাব রাখা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা প্রয়োজন।
গাজায় ‘পরিবেশহত্যা’র কথা বললেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যুদ্ধ, অভিবাসন, দুর্ভিক্ষ ও দারিদ্র্য আন্তর্জাতিক সংহতির প্রয়োজনীয়তা বাড়িয়ে দিচ্ছে।
গাজা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে শুধু গণহত্যা নয়, পরিবেশহত্যাও চলছে। শতাব্দীপ্রাচীন জলপাইগাছ কেটে ফেলা হয়েছে, মাটি ও পানি দূষিত হয়েছে এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজায় মানবিক সহায়তা প্রবেশের বাধা দূর করার আহ্বান জানান এরদোয়ান। তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর দায়িত্ব এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তাও উঠে আসে।
অস্ত্র ও শুল্কের আলোচনায় হারিয়ে যাচ্ছে জলবায়ু সংকট: লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বে অস্থিরতা বেড়েছে। এতে জলবায়ু সংকট মোকাবেলার বিষয়টি বিশ্বনেতাদের অগ্রাধিকার তালিকা থেকে পিছিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গত বছর কপ-৩০ সম্মেলন শেষে বিশ্বনেতাদের মধ্যে জলবায়ু নিয়ে যে উদ্দীপনা দেখা গিয়েছিল, এ বছরের শুরুতেই তা কমে গেছে। বৈশ্বিক নেতৃত্বের বক্তব্য ও নথিপত্রে জলবায়ু সংকটের বিষয়টি গুরুত্ব হারিয়েছে। জি-৭ ও জি-২০-এর বৈঠকগুলোতেও এ বিষয়ে নীরবতা দেখা গেছে।
লুলা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার বদলে এখন অস্ত্র ও শুল্ক নিয়ে বেশি আলোচনা হচ্ছে। যুদ্ধ ও মূল্যস্ফীতির চাপের মধ্যে জলবায়ু সংকট মোকাবেলা আরও কঠিন হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্ব সৌদি আরবের
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান জলবায়ু পরিবর্তন মোকাবেলার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ‘‘নেট জিরো কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনের পথে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্গমন কমানোর লক্ষ্য যেন দেশগুলোর জ্বালানি নিরাপত্তা ও উন্নয়নের সুযোগকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।’’ উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহজলভ্য করার আহ্বান জানান সৌদি মন্ত্রী।
জলবায়ু সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপের আহ্বান গুতেরেসের
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্ব প্রয়োজনীয় গতিতে এগোতে পারছে না। ২০২৫ সালে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এবং তাপমাত্রার রেকর্ডও ভাঙছে। তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার আনতালিয়ায় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের সমালোচনা করেন। গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বাধা এবং মানবিক সহায়তা প্রবেশে প্রতিবন্ধকতার বিষয়েও উদ্বেগ জানান তিনি।
১০২ বিশ্বনেতার অংশগ্রহণ
কপ-৩১-এর লিডার্স সামিটের মূল অধিবেশন আনতালিয়া এক্সপো সিটির ব্লু জোনের প্লেনারি আনাদোলু হলে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯৫টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ ১০২ জন নেতা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্তী তারেক রহমানসহ ৩৫ জন সরকারপ্রধান রয়েছেন।
দুই দিনের এই সামিটে রাষ্ট্র ও সরকারপ্রধানরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, জ্বালানি রূপান্তর ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা করছেন।
আন্তর্জাতিক ডেস্ক 


















