জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে পানি ব্যবস্থাপনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও সভায় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় পানি উন্নয়ন বোর্ডের চলমান ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান বিষয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে সদস্যরা মতামত ও পরামর্শ দেন।
সভায় উপস্থিত থেকে পানি ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন, প্রকল্পের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পানি ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা ও পানি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
কমিটির আলোচনায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। জনগণের প্রয়োজন ও স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















