নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীবকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হাফিজুর রহমান সজীব। রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে যৌথবাহিনী অভিযান চালায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হাফিজুর রহমান সজীবের বিরুদ্ধে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হাফিজুর রহমান সজীব কার্যক্রম নিষিদ্ধ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।
নিজস্ব প্রতিবেদক 


















