ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরিয়ন টেস্ট: বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের জোড়া কীর্তি

হতশ্রী ব্যাটিংয়ে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে গিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই বিপাকে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিন বোলিংয়ে ভালো করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকাকে যত কম রানে সম্ভব অলআউট করতে চেয়েছিল বাংলাদেশ।

সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা তখন মাত্র ৩ রানে পিছিয়ে ছিল। ৫৩ বলে ৭ চারে ৪৬ রানে অপরাজিত ছিলেন মার্কেস অ্যাকারম্যান। ২৭ বলে ৯ রানে ব্যাট করছিলেন জুবেইর হামজা। বাংলাদেশ এলবিডব্লিউর রিভিউ নিলে শূন্য রানে ফিরতেন অ্যাকারম্যান। হৃদয় ক্যাচ নিতে পারলে ২ রানে বিদায় নিতে হতো হামজাকে।

দিনের দ্বিতীয় ওভারেই ৬১ বলে পঞ্চাশ স্পর্শ করেন অ্যাকারম্যান। শরিফুল ইসলামের বলে ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে চার পান তিনি। সবশেষ পাঁচ ইনিংসে চতুর্থবারের মতো পঞ্চাশের দেখা পান এই বাঁহাতি ওপেনার। ১৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ১ উইকেটে ৯৫। স্বাগতিকদের লিড তখন ৪ রান।

এরপর অনেকটা ওয়ানডের গতিতে এগিয়ে যায় অ্যাকারম্যান ও জুবেইর হামজার জুটি। ৬৪ বলে দ্বিতীয় উইকেট জুটিতে পঞ্চাশ পূর্ণ করেন তারা। তাসকিন আহমেদের বলে কাভার দিয়ে হামজার বাউন্ডারিতে তিন অঙ্ক স্পর্শ করে দক্ষিণ আফ্রিকার রান। ২০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১০০। অ্যাকারম্যান ৬৩ বলে ৫২ এবং হামজা ৩৬ বলে ১৪ রানে ব্যাট করছিলেন।

দ্রুত এগোতে থাকা জুটি ভাঙেন সৈয়দ খালেদ আহমেদ। তার চমৎকার ডেলিভারিতে গালিতে ধরা পড়েন জুবেইর হামজা। স্টাম্পে থাকা বলটি ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে সহজ ক্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি মাহফিজুল ইসলাম। ভাঙে ১২৯ বল স্থায়ী ৯৬ রানের জুটি। ৬১ বলে তিন চারে ২৭ রান করেন হামজা।

এরপর বাংলাদেশের বোলারদের ওপর আরও চড়াও হন অ্যাকারম্যান। ফিরতে পারতেন শুরুতেই। বাংলাদেশ রিভিউ না নেওয়ায় বেঁচে গিয়ে প্রতিপক্ষকে ভোগাতে থাকেন তিনি। শরিফুল ইসলামের এক ওভারে চারটি চার মারেন অ্যাকারম্যান। তৃতীয় চারে ১১১ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। ৩৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ২ উইকেটে ১৬৭। তখন অ্যাকারম্যানের সংগ্রহ ১১২ বলে ১৮ চার ও এক ছয়ে ১০৫ রান। অন্যদিকে ১০ বল খেলেও রান করতে পারেননি টনি ডি জর্জি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬তম ওভারে বল হাতে নেন। একাদশে বিশেষজ্ঞ স্পিনার না থাকায় নিজেই বোলিংয়ে আসেন তিনি। তার ওভার থেকে দুটি করে ছক্কা ও চারে ২০ রান তুলে নেন অ্যাকারম্যান। পরের ওভারে তার সিঙ্গেলে টনি ডি জর্জির সঙ্গে জুটির রান পঞ্চাশে পৌঁছায়, মাত্র ৩৮ বলে।

৩৭ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৯৫। লিড তখন ১০৪ রান। অ্যাকারম্যান ১১৯ বলে ২০ চার ও তিন ছয়ে ১২৬ রানে ব্যাট করছিলেন। ডি জর্জির সংগ্রহ ছিল ২১ বলে ৭ রান।

জোহানেসবার্গের ফর্ম সেঞ্চুরিয়নেও অব্যাহত রাখেন অ্যাকারম্যান। পরপর সেঞ্চুরি করে প্রথম ছয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান বাঁহাতি এই ওপেনার। ৪০ ওভার পর্যন্ত ১২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। সব মিলিয়ে চার টেস্ট ও ছয় ইনিংসে তার সংগ্রহ দাঁড়ায় ৪৪৯ রান।

প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে এত দিন প্রথম ছয় ইনিংসে সর্বোচ্চ রান ছিল ফাফ দু প্লেসির। সাবেক এই অধিনায়ক ক্যারিয়ারের শুরুর ছয় ইনিংসে দুই সেঞ্চুরিতে করেছিলেন ৪৪৫ রান। প্রথম ছয় ইনিংসে রানের বিশ্ব রেকর্ড ভারতের ভিনোদ কাম্বলির। প্রথম ছয় ইনিংসে তিন সেঞ্চুরির সৌজন্যে তার সংগ্রহ ছিল ৬৬৯ রান।

৪১তম ওভারে টনি ডি জর্জিকে দ্রুত ফেরানোর সুযোগ হাতছাড়া করেন তাসকিন আহমেদ। নিজের বলে ক্যাচ নিতে পারেননি তিনি। লেংথ বল অতিরিক্ত বাউন্স করায় ব্যাটের ওপরের দিকে লাগে। ফিরতি ক্যাচের বলের দিকে এগিয়ে ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি তাসকিন। তখন ৭ রানে ছিলেন ডি জর্জি।

পরের বলেই অল্পের জন্য কট বিহাইন্ড হননি তিনি। বল পড়ে লিটন দাসের একটু সামনে। ৪১ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২ উইকেটে ১৯৯।

এরপর ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন অ্যাকারম্যান। আগের বলে চার মেরে দেড়শ পূর্ণ করার পরের বলেই তাকে এলবিডব্লিউ করেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি অ্যাকারম্যান। বল প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নেন অ্যাকারম্যান। তবে তাতে কাজ হয়নি। বল লেগ স্টাম্পে লাগত। ভাঙে ৭৮ বল স্থায়ী ৭৪ রানের জুটি। ১৩৮ বলে ২৩ চার ও চার ছয়ে ১৫০ রান করেন অ্যাকারম্যান। ৪৪ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১৯। তখন ক্রিজে টনি ডি জর্জির সঙ্গী ছিলেন ম্যাথু ব্রিটস্কি।

নতুন সকালে বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন অ্যাকারম্যান। ড্রেসিংরুমে ফেরার আগে মাত্র ৮৫ বলে করেন ১০৪ রান। সব মিলিয়ে ১৩৮ বলে ১৫০ রানের ইনিংস খেলেন তিনি।

টেস্টে এটিই দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস। তালিকার তিন নম্বরেও আছেন অ্যাকারম্যান। আগের ম্যাচে ১৬০ বলে দেড়শ করেছিলেন তিনি।

সাদা পোশাকে দিনের প্রথম সেশনে একশর বেশি রান করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান এই বাঁহাতি ওপেনার। তার আগে ১৯২৯ সালে টাপি ওয়েন স্মিথ, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স এবং গত বছর ভিয়ান মুল্ডার দিনের প্রথম সেশনে একশর বেশি রান করেন।

৪৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২২৮ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৯১ রানের জবাবে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৩৭ রান।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

সেঞ্চুরিয়ন টেস্ট: বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের জোড়া কীর্তি

প্রকাশ : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬