সর্বস্তরের মানুষের কাছে সহজ ও সুন্দরভাবে পবিত্র কুরআনের শিক্ষা পৌঁছে দিতে ঢাকা-১৮ আসনে ওয়ার্ডভিত্তিক ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা ২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর উত্তরা সেক্টর-৬-এর উত্তরা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পবিত্র কুরআনের শিক্ষা সহজ, সুন্দর ও বোধগম্যভাবে পৌঁছে দেওয়া। বিশেষ করে যারা বিভিন্ন কারণে নিয়মিতভাবে কুরআন শেখার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য ওয়ার্ডভিত্তিক এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কুরআনের শিক্ষা শুধু নির্দিষ্ট একটি শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা ২০২৬’ কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডের মানুষের জন্য কুরআন শিক্ষার সুযোগ তৈরি করা হবে। সহজ পদ্ধতিতে কুরআন পড়া, শুদ্ধ উচ্চারণ এবং ধর্মীয় মৌলিক শিক্ষার সঙ্গে মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি নৈতিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, ওয়ার্ডভিত্তিক এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে কুরআন শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















