গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী দৈনিক আজকালের খবরের মুকসুদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম। তিনি ও প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শহিদুল ইসলাম জানান, দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম চলছিল। এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মুকসুদপুর সংবাদদাতা 


















