নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় ইউনিয়নের কামশাইল এলাকায় মোহাম্মদ আলী মাস্টারের বাড়িতে এ চক্ষু শিবিরের কার্যক্রম শুরু হয়।
‘ছানিজনিত অন্ধত্ব আর নয়, যথাসময়ে চিকিৎসায় ছানি ভালো হয়’-এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত শিবিরে স্থানীয় নারী-পুরুষ ও বয়স্কদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি রোগীদের নিবন্ধন ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে ছানি রোগে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিবিরে বাছাই করা ছানি রোগীদের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হবে। আর্থিক অসচ্ছলতার কারণে যারা চোখের চিকিৎসা করাতে পারছেন না, তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কায়েতপাড়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা। কর্মসূচিটি ব্যবস্থাপনা করেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মতিউর রহমান।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















