মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘পলাতক’ আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারের সঙ্গে ‘মকারি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাসপোর্ট আইনে দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদের কথা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে।
একই অনুচ্ছেদে ফৌজদারি মামলার বিচার এড়ানোর চেষ্টা বা দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পাসপোর্ট না দেওয়ার সুযোগ রয়েছে। অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে যান। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে গতবছর নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সে কথা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে ‘খুব সঙ্গত কারণেই’ বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। তিনি বলেন, পাসপোর্ট অর্ডারের ৬-এর এ, বি, সি ও ই একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদ প্রসঙ্গে
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার অধিকার প্রসঙ্গে সংবিধানের ৩৬ অনুচ্ছেদের কথা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, এই অনুচ্ছেদে নাগরিকের বিদেশে যাওয়া এবং দেশে ফেরার অধিকার দেওয়া হয়েছে। তবে তার মতে, দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে এ অধিকার প্রযোজ্য নয়।
শেখ হাসিনা যে বিচার চলাকালে দেশে ফিরে মামলার মুখোমুখি হননি, সে প্রসঙ্গ ধরে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রমও নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো এড়িয়ে গেছেন শেখ হাসিনা। ৩৬ অনুচ্ছেদের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার অধিকার আছে—এমন বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দেন প্রধান কৌঁসুলি।
তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কী করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে, ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তো বিচারের সঙ্গে এটা রাষ্ট্রের একটা মকারির শামিল হবে। তবে শেখ হাসিনার ভারতে অবস্থানের বর্তমান মর্যাদা বিবেচনায় বান্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি প্রধান কৌঁসুলি।
একই প্রশ্নে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের পর তার নাগরিকত্ব বাতিল হয়েছিল কি না এবং সেই অবস্থায় তার বিচার হয়েছে কি না, জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন,এইটা এইটা এইটা বোধহয় বিভ্রান্তিকর বক্তব্য, আমি এইটার কোনো উত্তর দিলাম না, আপনি এটা একটু দেখেন। এই প্রশ্নটা বোধহয় সঠিক হয় নাই। ধন্যবাদ সবাইকে।
আপিলের সময়সীমা ৩০ দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরে আর আপিলের সুযোগ নেই। শেখ হাসিনা রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করেননি জানিয়ে তিনি বলেন, ফলে তার আপিল করার আর আইনগত সুযোগ নেই বলে তিনি মনে করেন।
একই বিধান ট্রাইব্যুনালে দণ্ডিত আবুল কালাম আযাদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তবে আযাদের আপিলের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে শুনানি বা অনুমোদন প্রয়োজন কি না, সে বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধান কৌঁসুলি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তিনজন। তাদের যোগ্যতা হাই কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতাসম্পন্ন অথবা তারা হাই কোর্টের বিচারপতি। সাধারণ হত্যা মামলায় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ডের রায় দিলে তা কার্যকরের আগে হাই কোর্টের অনুমোদন নিতে হয়। হাই কোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের অনুমোদন সাপেক্ষে ওই রায় কার্যকর হয়।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত নেই জানিয়ে আমিনুল ইসলাম বলেন, এ ট্রাইব্যুনাল হাই কোর্টের সমমর্যাদাসম্পন্ন। এখানে তিন বিচারকের সমন্বয়ে বেঞ্চ গঠিত হয়, যা হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চের চেয়েও বড়। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল হয় না। সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়।
ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠি নিয়ে প্রশ্ন
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান পরে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
একই ধরনের মত প্রকাশ করে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি বলেন, যিনি পাসপোর্ট চান, তিনি নিজে আবেদন করেননি। তার দল বা নেতাকর্মীরাও আবেদন করেননি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার। চেম্বারের ক্লায়েন্ট ভারতে বসবাস করেন, আর আইনজীবীরা লন্ডনে। তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, তার কপি প্রকাশ করা হয়নি। একজন ক্লায়েন্টের পক্ষে যদি কোনো এগ্রিমেন্ট না থাকে, তাহলে ওই জাতীয় তথাকথিত ল’ চেম্বার কেমন করে ক্লায়েন্ট দাবি করে তার পক্ষে কোনো পাসপোর্টের জন্য আবেদন করতে পারে? এইটি আমার কাছে জানা নাই এবং আইনে এই জাতীয় কোনো বিধান বা এই জাতীয় কোনো সুযোগ নাই। তার ভাষ্য, যিনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাকে নিজেই আবেদনটি করতে হয়। শেখ হাসিনা সরকারের কাছে নিজে কোনো আবেদন করেননি।
প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরার পরামর্শ
শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরতে চাইলে ভারতের কাছে লিখিতভাবে প্রত্যর্পণের আবেদন করার পরামর্শ দেন প্রধান কৌঁসুলি। তিনি বলেন, আপনি ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিতভাবে আপনি বলুন যে, এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় আপনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এবং এইটাই হবে আপনার জন্য সঠিক পন্থা। পায়ে হেঁটে, উড়োজাহাজে বা ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার উদ্যোগের কোনো আইনগত সুযোগ নেই বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের মকারি, মশকরা করার সুযোগ নেই।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে প্রধান কৌঁসুলি বলেন, বাংলাদেশের জাতির সঙ্গে, যে জাতির সঙ্গে আপনি দীর্ঘদিন প্রতারণা করেছেন, যেখানে ১৪০০ মানুষকে নির্বিচারে গুলি করে আপনি হত্যা করেছেন, যেখানে প্রায় ৩০ হাজার মানুষকে আপনি পঙ্গু করেছেন, যেখানে আপনার বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন আছে, যেখানে আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ফেরারি আসামি—এটা স্পষ্ট যে বাংলাদেশে আপনি আসবেন না।
তিনি বলেন, শেখ হাসিনা আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে গেলেও নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। এখন তাদের আরও বিপদে ফেলার জন্য এ ধরনের অপতৎপরতা চালালে তিনি দলগতভাবেও আরেকটি ভুল করতে যাচ্ছেন। আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এবং আসার তার আইনগতভাবে কোনো সুযোগ নাই। যদি আসে সেটি এক্সট্রাডিশন চুক্তির আওতায়ই আসতে হবে এবং এখন যেসব তৎপরতা, এটি আমি আগেরবারও বলেছি যে এটা তার রাজনৈতিক স্টান্টবাজি।
ভারতে অবস্থান নিয়ে প্রশ্ন
শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছেন, সে বিষয়েও আনুষ্ঠানিক দলিলপত্র বাংলাদেশের হাতে নেই বলে দাবি করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিতভাবে বাংলাদেশে ফেরার বিষয়ে কিছু জানিয়েছেন বলে তাদের জানা নেই। শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু জানিয়েছেন বলে আমাদের জানা নেই। তার নিজের কোনো ভার্চুয়াল বক্তব্যও আমরা পাইনি। যেসব অডিও বক্তব্য সামনে আসছে, সেগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়ে তাদের সন্দেহ আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরা, মৃত্যুদণ্ড কার্যকরের আগে শুনানি এবং ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধান কৌঁসুলি। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আইন নিজস্ব গতিতে চলবে।
‘ট্রাম্প কার্ড’ ও ‘ভেস্টেড কোয়ার্টার’ প্রসঙ্গ
শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন তৎপরতার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেই সন্দেহ প্রকাশ করেন প্রধান কৌঁসুলি। তিনি বলেন, শেখ হাসিনাকে কি কেউ ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে? কিংবা শেখ হাসিনার দলের কোনো কোনো ভেস্টেড কোয়ার্টার কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য কি তারা এটা করছেন? এই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়, তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, আমাদের এটি বলতে কোনো দ্বিধা নাই যে, শেখ হাসিনা কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার জন্য তার কোনো সদিচ্ছা ছিল না, নাই। তার দাবি, সদিচ্ছা থাকলে শেখ হাসিনা বিচার চলাকালে দেশে এসে মামলার মুখোমুখি হতেন, কিংবা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করতেন।
‘কখনো শোনা যায় শেখ হাসিনা হঠাৎ বাংলাদেশে ঢুকে পড়বেন, কখনো তার নেতাকর্মীরা ৩০টি চার্টার্ড বিমান নিয়ে আসার কথা বলেন। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে দেশে ফেরার প্রচারও চালানো হয়।’ এসব বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু ‘অবুঝ অথবা নির্বোধ’ কর্মী বিভিন্ন জায়গায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম।
তার ভাষ্য, যারা এসব করছেন, তারা একটি ‘ভেস্টেড কোয়ার্টার’, যারা বিশেষ উদ্দেশ্যে শেখ হাসিনার নাম ব্যবহার করে বাংলাদেশে ‘রাজনৈতিক অস্থিরতা’ তৈরি করতে চাইছেন।
সূত্র: বিডি নিউজ
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















