নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মো. মাসুমকে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দিয়েছে জাতীয় খতিব ফাউন্ডেশনের রূপগঞ্জ উপজেলা ও পূর্বাচল জোন।
সংগঠনটির রূপগঞ্জ উপজেলা ও পূর্বাচল জোনের সভাপতি মুফতি মোহাম্মদ মুসলেহ উদ্দিন সালেহীর নেতৃত্বে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাধারণ সম্পাদক শাহ আহমাদুর রহমান জামালীসহ সংগঠনের অন্যান্য সদস্য রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের সাইজদ্দিন ভিলায় আবু মো. মাসুমের কার্যালয়ে উপস্থিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দের সঙ্গে আবু মো. মাসুমের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। এ সময় আলেম-উলামা, ইমাম ও খতিবদের প্রতি তাঁর আন্তরিকতা ও শ্রদ্ধার প্রশংসা করেন সংগঠনের নেতারা। তারা বলেন, ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেম-উলামাদের প্রতি আবু মো. মাসুমের ভালোবাসা ও সম্মান প্রশংসনীয়।
নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন, রাজনীতিবিদ ও আলেম-উলামাদের সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আবু মো. মাসুমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যাশাও জানান তারা।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 















