নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এর মুড়াপাড়া ইউনিয়ন-এর দড়িকান্দী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় যুবসমাজ ও রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ অভিযানে এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং জিএম ফারুক খোকন–এর নির্দেশনায়। অভিযানে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সচেতন নাগরিকরা।
এ সময় জিএম ফারুক খোকন বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক সেবন ও ব্যবসা রোধ করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; বরং সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে এমন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতা আবুল আজাদ বলেন, “আমাদের এলাকা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। যারা মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এ সময় স্থানীয় বাসিন্দারাও মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিত এমন অভিযান ও সচেতনতা কার্যক্রম চালু থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজকে মাদকমুক্ত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 



















