রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এমপি।
সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় হাসপাতালের বিদ্যমান সমস্যা, সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারি হাসপাতাল থেকে সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসাসেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। রোগীদের সেবার মান বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান 


















