নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক। তিনি বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি দেখে নারায়ণগঞ্জ তথা রূপগঞ্জে কোনো ধরনের পাঁয়তারা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া মার্কেটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল তিনি এসব কথা বলেন।
মো. রফিকুল ইসলাম রফিক বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতি এতদিন নমনীয়তা ও ভদ্রতা দেখানো হয়েছে। কিন্তু তারা সেই নমনীয়তাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করছে। তাদের মনে রাখা উচিত, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, “গোপালগঞ্জ আর নারায়ণগঞ্জ তথা রূপগঞ্জ এক জিনিস না। এই রূপগঞ্জ-নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের প্রিয় অভিভাবক জনাব মোস্তাফিজুর রহমান দিপু ভাইয়ার এলাকা। এখানে কোনো পাঁয়তারা চলবে না।”
বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন, তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সংশ্লিষ্টরা দীর্ঘ সময় ধরে দেশে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাপন করেছেন। কিন্তু এখন নতুন করে কোনো ধরনের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে একটি মিছিল এবং সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
রফিকুল ইসলাম রফিকের এমন বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















