নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা এবং তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মুহাম্মাদ মাসুম।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় যুবসমাজ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অতিথিরা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং তরুণদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে।
প্রধান অতিথি হাজী আবু মুহাম্মাদ মাসুম টুর্নামেন্টের আয়োজক ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। তিনি তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তারা।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















