বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের (বিআরইসি) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের ১২৩ নম্বর রোডে এ কার্যালয়ের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলসহ ক্লাবের পরিচালকরা উপস্থিত ছিলেন।
কেক কেটে নতুন কার্যালয় উদ্বোধনের আগে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে নিজস্ব জায়গায় ক্লাব পরিচালনার পরিকল্পনা রয়েছে। এটি যেন সবার দ্বিতীয় বাড়ি হয়ে ওঠে, সেভাবেই কাজ করা হবে। শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, সদস্যদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক বন্ধন গড়ে তোলাই এ ক্লাবের অন্যতম লক্ষ্য। ক্লাবের মাধ্যমে আনন্দ ও সৌহার্দ্যের একটি পরিবেশ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাসায় যেমন রাজনীতি হয় না, তেমনি এই ক্লাবও থাকবে রাজনীতির ঊর্ধ্বে। কাজের ক্লান্তি শেষে সদস্যরা যেন পরিবারের সদস্যদের নিয়ে এখানে সময় কাটাতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলা হবে। একজন সদস্যের পরিবারের সঙ্গে অন্য সদস্যের পরিবারেরও আত্মিক সম্পর্ক তৈরি হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটি এগিয়ে যাবে।
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বিআরইসির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এখানে রিহ্যাবকে সম্পৃক্ত করা গেলে উদ্যোগটি আরও সমৃদ্ধ হবে। সারা দিনের কর্মব্যস্ততা শেষে মানুষের বিনোদনের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, আবাসন ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য ক্লাবটি একটি ভালো মিলনকেন্দ্র হতে পারে। বিনোদন ও সামাজিক আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি সদস্যদের যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু এবং নিয়মিত নেটওয়ার্কিং সেশনের আয়োজনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালকরা নতুন কার্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি শিল্পীদের পাশাপাশি ক্লাবের কয়েকজন সদস্য সংগীত পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশীদ, ক্লাবের পরিচালক এমজিআর নাসির মজুমদার (আইপিপি), এএসএম শায়খুল ইসলাম এফসিএমএ, এসএম এমদাদ হোসেন, স্থপতি সাঈদ পারভেজ রেজা লতিফ, মো. মনির হোসেন, এসএম হাবিবুর রহমান, মিস মৌসুমি ইসলাম, প্রকৌশলী এসএম পলাশ, একেএম মিজানুর রহমান এফসিএ, শেখ আবুল হাসেম ও মোহাম্মদ শাহ আলম মোল্লাসহ ক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক 


















