ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান হঠাৎ বিকল হয়ে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকলে মহাসড়কের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম বিপাকে পড়েছেন দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ হাজারো সাধারণ যাত্রী।
কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে শুরু করে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে গিয়ে কোথাও থেমে থেমে, আবার কোথাও অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে।
যানজটে আটকে পড়া ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে যানজটে পড়ে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাসচালক আলী আকবর। তাঁর ভাষ্যমতে, বালুয়াকান্দি থেকে ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতেই এক ঘণ্টা পার হয়ে গেছে। দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরাও।
সাপ্তাহিক ছুটির দিনে বাড়ি ফেরা এক বাসযাত্রী জানান, প্রতিবার ছুটির দিনে বাড়ি যাওয়ার পথে মহাসড়কের এই যানজটের কারণে তাঁদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তিনি দ্রুত এই সমস্যার একটি স্থায়ী সমাধানের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় বিকল হয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। গাড়িটি সরানো হলে দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যানজট দীর্ঘদিনের একটি সমস্যা। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে মহাসড়ক থেকে বিকল যানবাহন দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও চালকেরা।
নিজস্ব প্রতিবেদক 



















