ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঢাকা-১৮ আসন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্ব তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে দলের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা হবেন না তিনি।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দলের নেতৃত্বের এই আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
নবগঠিত কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
হাফিজুর রহমান 















