নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তাঁর নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
বুধবার (৪ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে এলাকার এতিম, দুস্থ এবং সুবিধাবঞ্চিত শিশুদের আমন্ত্রণ জানানো হয়। শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খোঁজখবর নেন সংসদ সদস্য দিপু। এছাড়া, শিশুদের হাতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে দিপু শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের চাহিদা ও প্রয়োজন সম্পর্কে জানতে চান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সংসদ সদস্য দিপু বলেন, “রমজান মাস আমাদের সংযম, ধৈর্য্য ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে পারলে তবেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাবেন এবং দলীয় নেতাকর্মীদেরও মানবিক কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলের মাধ্যমে শিশুদের মধ্যে আনন্দ এবং উৎসাহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। রমজান মাসের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পবিত্র রমজান মাসে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে আনন্দ আনা, সমাজের মানবিকতা ও দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 












