আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) ভূলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে তিনি ভূলতা ইউনিয়নের একাধিক ওয়ার্ড ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন, তাদের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগকালে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) বলেন, “জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
স্থানীয় ভোটাররা জানান, নির্বাচিত হলে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাই তাদের।
গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচারণা চালান এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 










