ঢাকা-১১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট স্থগিত করার উদ্দেশ্যে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।
ড. এম এ কাইয়ুম বলেন, একটি মহল নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পিতভাবে নানা অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।
তিনি বলেন, “ঢাকা-১১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। সেই পরিবর্তন ঠেকাতেই ভোট স্থগিতের ষড়যন্ত্র করা হচ্ছে।”
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।
ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, নির্বাচিত হলে তিনি প্রথমেই ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, “ঢাকা-১১ আসনকে একটি বাসযোগ্য, নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই।”
নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
নিজস্ব প্রতিবেদক 











