কাঞ্চন পৌরসভার কাঞ্চন বারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নেমেছে জনতার ঢল। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর গণসংযোগে উৎসবমুখর পরিবেশে পরিণত হয় পুরো এলাকা।
প্রচারণা শুরুর আগেই বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে দলে দলে মানুষ স্কুল মাঠে জড়ো হতে থাকেন। স্লোগান, করতালি আর ভালোবাসায় ভাসতে থাকে বিএনপির প্রার্থীর পথচলা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে ওঠে রূপগঞ্জবাসীর প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা।
শনিবার (৩১ জানুয়ারি) গণসংযোগকালে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আমি রূপগঞ্জের মাটি ও মানুষের সন্তান। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমি হৃদয় দিয়ে অনুভব করি। জনগণের অধিকার, ভোটের মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে এসেছি।”
তিনি আরও বলেন, রূপগঞ্জে দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে বৈষম্য হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা জনাব সালাহউদ্দিন দেওয়ান। তিনি বলেন,
“রূপগঞ্জের মানুষ আজ জেগে উঠেছে। দিপু ভূঁইয়া শুধু একজন প্রার্থী নন, তিনি এই এলাকার গণমানুষের কণ্ঠস্বর। জনগণই এবার রায় দেবে।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, রূপগঞ্জে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে ঘিরে এমন স্বতঃস্ফূর্ত জনসমাগম রূপগঞ্জে বিরল। কাঞ্চন এলাকার সাধারণ মানুষ পরিবর্তনের প্রতীক হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে দেখছেন বলে জানান তারা।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 



















