নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, জমি, শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তিনি পাঞ্চায়েত কমিটি গঠন করতে চান। সকলকে নিয়ে তিনি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “রূপগঞ্জে জমিজমা ও সামাজিক সমস্যার কারণে মানুষ মনে করে মামলা করলে কোর্টে সমাধান হবে। আমরা চাই পাঞ্চায়েত কমিটি গড়ে এসব সমস্যা মিটিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলা হোক।”
তিনি আরও বলেন, “রূপগঞ্জের স্কুল ও কলেজগুলো আধুনিক করতে চাইছি, যাতে বাচ্চারা সুশিক্ষিত হতে পারে। শিল্প কারখানাগুলো কীভাবে নদী ও নালায় বর্জ্য ফেলছে তা নিয়ন্ত্রণ করা হবে, যাতে পরিবেশ দূষিত না হয়। মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে।”
দিপু উল্লেখ করেন, “অনেকে খাস জমি দখল করেছে। আমরা চেষ্টা করব এই জমিগুলো উদ্ধার করে সেখানে শিশুদের খেলার জায়গা ও পার্ক তৈরি করা হবে।” এছাড়া তিনি জানান, পূর্বাচলকে সিটির আওতায় আনার চেষ্টা করা হবে এবং চনপাড়া নিয়ে সমস্যার সমাধান করার জন্য রাজউকের সঙ্গে আলোচনা করছেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতা, সমর্থক ও নাগরিকরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 









