নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার ৯ নং ওয়ার্ডে, পল্লী বিদ্যুৎ বালুর মাঠে এই আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তারাব পৌর যুবদল নেতা মামুন ভুঁইয়া, সভাপতিত্ব করেন তারাব পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাব পৌর ওলামা দলের আহবায়ক হাজী পনির ভুঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “জননেতা তারেক রহমানের হাত ধরে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আবার গণতন্ত্র ফেরত এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে।”
দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকায় সামাজকল্যাণমূলক কাজের গুরুত্ব পুনরায় ফুটে ওঠে।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 









