দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতে চরম বৈষম্য সৃষ্টি করেছে এবং মেধাকে উপেক্ষা করায় আজ এই খাত গভীর সংকটে নিমজ্জিত।
মঙ্গলবার রাজধানীর এ কে এম রহমতুল্লাহ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কাইয়ুম বলেন, শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্বল করে ফেলা হয়েছে। এর ফলে মেধাবী শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং জাতির ভবিষ্যৎ প্রজন্ম একটি অনিশ্চিত পথের দিকে ধাবিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাতকে সচেতনভাবে বৈষম্যের শিকার করা হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তরুণ সমাজের অবক্ষয় প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস শিক্ষাঙ্গনকে গ্রাস করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তরুণদের বিপথগামিতা থেকে রক্ষায় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই উল্লেখ করে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী নিশ্চিত করার আহ্বান জানান। মনোরম ও নিরাপদ পরিবেশ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
আগামী দিনের শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরে ড. কাইয়ুম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি শিক্ষাঙ্গন হবে রাজনীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত। শিক্ষার মান উন্নয়নে গবেষণাভিত্তিক শিক্ষা, মেধার যথাযথ মূল্যায়ন এবং একটি বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি একটি মেধাভিত্তিক, আধুনিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















