আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের মনোযোগ কাড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিএনপির প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এক অভিনব প্রচারণার নজির স্থাপন করেছেন, যা ইতোমধ্যে ভোটার ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন স্থানীয় বাসিন্দাদের কাছে অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠির সঙ্গে আলাদা করে ‘স্যরি ও ধন্যবাদ’ লেখা একটি চিরকুট পৌঁছে দিচ্ছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে—নির্বাচনী সময় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আবাসিক এলাকায় চলাচল বা স্বাভাবিক জীবনযাত্রায় কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি হলে তার জন্য তিনি আগাম ক্ষমাপ্রার্থী।
একই সঙ্গে ভোটের আগেই জনগণের কাছে নিজের দায়িত্ববোধ, শালীন রাজনীতি ও জবাবদিহিতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে দায়বদ্ধ থাকার এমন বার্তা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত উত্তরা ৯ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় এই ব্যতিক্রমী প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, প্রচলিত পোস্টার, ব্যানার ও মিছিলনির্ভর প্রচারণার বাইরে গিয়ে এ ধরনের উদ্যোগ রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।
ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত রয়েছে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই আসনটি দেশের অন্তত ২৭টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও বাণিজ্যিক কার্যক্রমের কারণে এখানকার ভোটারদের প্রত্যাশা ও রাজনৈতিক সচেতনতা তুলনামূলকভাবে বেশি।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিনের স্থানীয় রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আস্থার রাজনীতিতেই তিনি বিশ্বাসী বলেও জানান।
তৃণমূল পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী বলে জানান।
উল্লেখ্য, ঢাকা-১৮ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিপক্ষে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম আদীব।
হাফিজুর রহমান 













