রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদে পবিত্র শুক্রবার জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে তিনি জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীন সংগ্রাম করেছেন।”
তিনি বলেন, দেশের মানুষ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও দমন-পীড়নে সাধারণ মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
বিএনপি মনোনীত এ প্রার্থী আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রীর আদর্শ বাস্তবায়ন এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দোয়া ও মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানের শেষে আয়োজকরা সবাইকে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
হাফিজুর রহমান 















