নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, দেশে গত ১৭ বছর গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসেছেন, তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূঁইয়ার বাসভবনের সামনে মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিপু ভূঁইয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমেই জনগণ একজন সঠিক ও যোগ্য নেতাকে নির্বাচন করবেন, যিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। বিগত সরকার তাকে দেশ ছাড়তে বলেছিল, কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন— এ দেশের জনগণই আমার সব, তাদের ছেড়ে আমি কোথাও যাব না। মরতে হলে এ দেশেই মরব।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমান, আজিজ মাস্টার, মতিন ভূঁইয়া, আফজাল কবীর, হাজী সেলিম, অ্যাডভোকেট গোলজার হোসেন, আমিরুল ইসলাম ইমন, মো. মামুন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 









