আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার সকালে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানায়, জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্রে কোনো আইনি ত্রুটি পাওয়া যায়নি। ফলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন নিজেই তথ্য নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঢাকা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনের জন্য বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন-এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।’
বিএনপি সূত্র জানিয়েছে, এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তরের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করছেন এবং স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যে সুপরিচিত।
এর আগে মনোনয়ন জমাদানের পর যাচাই-বাছাই পর্যায়ে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি ধরা পড়ে। তবে যারা সব শর্ত পূরণ করতে পেরেছেন, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নিজস্ব প্রতিবেদক 



















