নারায়ণগঞ্জের রূপগঞ্জে সারাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মোটরসাইকেল মহড়া দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মহড়ায় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব এবং রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আলী আহমদ।
দিনব্যাপী মহড়ায় উপজেলার ৩০০ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে প্রদক্ষিণ করেন। এ সময় তারা অগ্নিসন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মহড়ায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মফিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন, আয়নাল, গোলাম মোহাম্মদ, শফিক, ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় এ মোটরসাইকেল মহড়ার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছেন। জেলার প্রতিটি অঞ্চলে এ কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। রূপগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল মহড়ার পাশাপাশি সভা, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিও অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যায়ে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















