মেহেরুন্নেসার পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ)। আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নীলক্ষেত সংলগ্ন মিরপুর-আজিমপুর সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন’, ‘বোনের গায়ে হাত কেন’, ‘পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁদের হাতে ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’, ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
ক্ষোভ প্রকাশ করে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের দাবি নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করছিলাম। সেখানে পুলিশ প্রশাসন কেন বাধা দিল? বিনা উসকানিতে পুলিশ আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জ করেছে। আমরা এর সুষ্ঠু বিচার ও অধ্যক্ষের পদত্যাগ চাই।’
সার্বিক পরিস্থিতি নিয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, কলেজ গেটের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সর্বসাকুল্যে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী রাস্তার দুই পাশে বসে স্লোগান দিচ্ছেন ও তাঁদের দাবিদাওয়া পেশ করছেন, এতে যান চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটছে না। পরিস্থিতি যেন নতুন করে ঘোলাটে না হয়, সেজন্য পুলিশ আপাতত সতর্ক থেকে পুরো বিষয়টি শুধু পর্যবেক্ষণ করছে।
এর আগে শুক্রবার সকালে ক্যাম্পাসের ভেতরে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা কোনো ধরনের বাধা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানায় পুলিশ।
ওসি জামিল হোসেন আরও জানান, আন্দোলনের বিষয়ে অধ্যক্ষ গতকালই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। রাতে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 


















