নারায়ণগঞ্জের রূপগঞ্জে জরাজীর্ণ সাব-রেজিস্ট্রি অফিস সংস্কার ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। একই সঙ্গে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে হাতছাড়া হওয়া জমি চিহ্নিত করে প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, গত পাঁচ বছরে রূপগঞ্জের দুটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকার দুই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে। অথচ এখনো জরাজীর্ণ ও ভাঙাচোরা ভবনে জমি নিবন্ধনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে জমি রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষের নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে অফিস সংস্কার ও নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জমি নিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষকে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে সেবা দেওয়া প্রয়োজন। সরকারি রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাব-রেজিস্ট্রি অফিসগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
জমির মালিকানা নিয়ে অনিয়মের প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, গত ১৭ বছরে অনেক মানুষ তাঁদের জমির মালিকানা হারিয়েছেন। জালিয়াতি কিংবা বিভিন্ন অনিয়মের মাধ্যমে যেসব জমি দলিল করে দখল করা হয়েছে, সেসব দলিল ও সংশ্লিষ্ট নথিপত্র খুঁজে বের করতে হবে। প্রকৃত মালিকদের শনাক্ত করে তাঁদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রূপগঞ্জের জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জমি নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা এবং রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মজিবুর রহমান।
সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুমের সঞ্চালনায় সভায় রূপগঞ্জ পশ্চিম ও পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমিতির কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি জমি নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন সমস্যা, অফিসের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সেবাগ্রহীতাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

















