নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, অনুদান বিতরণ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি এম ফারুক খোকন এবং রূপগঞ্জ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি দুর্গাপূজা উদযাপন উপলক্ষে অনুদান বিতরণ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন। উৎসব চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

















