বড় ধরনের ভূমিকম্প বা মেগা ডিজাস্টারে ফায়ার স্টেশন কিংবা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হলেও উদ্ধার তৎপরতা যেন কোনোভাবেই থেমে না যায়, সেজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর অংশ হিসেবে জনবল, উদ্ধার সরঞ্জাম ও কমান্ড কাঠামোর বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
ঢাকা ও এর আশপাশের ৪১টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ঢাকার পূর্বাচলে ৫০-৬০ সদস্যের বিশেষ রেসকিউ টিম মোতায়েন এবং বিভাগীয় শহরগুলোতে ২০ সদস্যের পৃথক রেসকিউ টিম গঠন করা হয়েছে। এছাড়া ভূমিকম্পে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় ঢাকার বাইরের ১০০টি ফায়ার স্টেশনকে জরুরি প্রয়োজনে ঢাকায় সহায়তার জন্য সর্বদা প্রস্তুত রাখা হচ্ছে।
ভূমিকম্পের সময় পুরান ঢাকার বর্তমান সদর দপ্তর ভবন ঝুঁকিপূর্ণ হতে পারে বিবেচনা করে কমান্ড ব্যবস্থা সচল রাখতে দুজন পরিচালকসহ সংশ্লিষ্ট কমান্ড কর্মকর্তাদের মিরপুরে অফিস করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জাইকার সহযোগিতায় মিরপুর-১০ এলাকায় ‘বেজ আইসোলেশন প্রযুক্তি’ ব্যবহার করে ৮ মাত্রার ভূমিকম্প প্রতিরোধক একটি আধুনিক সদর দপ্তর ভবন নির্মাণ করা হচ্ছে।
২০২৮ সালের মধ্যে এর কাজ শেষ হলে ফায়ার সার্ভিসের পুরো অধিদপ্তর সেখানে স্থানান্তর করা হবে। মেগা ডিজাস্টারে মোবাইল নেটওয়ার্ক ধসে পড়লেও জরুরি যোগাযোগ সচল রাখতে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আরাব) সহায়তায় বিকল্প যোগাযোগ ব্যবস্থার মহড়াও ইতোমধ্যে সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস। এছাড়া রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, বড় ভূমিকম্পের পর ঘনবসতিপূর্ণ ঢাকায় সরু সড়ক, যানজট ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকারী গাড়ির ঘটনাস্থলে পৌঁছানো এবং গ্যাসলাইন বা বৈদ্যুতিক দুর্ঘটনা মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
এ ধরনের পরিস্থিতিতে আটকে পড়া মানুষকে দ্রুত শনাক্ত ও উদ্ধার করতে ফায়ার সার্ভিসের এই বিকেন্দ্রীকরণ ও বিশেষায়িত দল গঠনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফায়ার সার্ভিসের নিয়মিত মহড়া ও সমন্বিত প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 

















