ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের নয়ানগর-ধরঙ্গারটেক এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা সড়ক পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
পরিদর্শনকালে তিনি সড়কটির বর্তমান বেহাল অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। দীর্ঘদিন সংস্কার ও উন্নয়ন না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে ভাঙাচোরা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সময় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সড়কটির উন্নয়ন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন। সড়কটির বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৬ ও অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলীরা। তাঁরা সড়কটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং উন্নয়নকাজের প্রয়োজনীয়তা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সড়কটির দ্রুত সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়নের দাবি জানান। সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শনে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমে নয়ানগর-ধরঙ্গারটেক এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
হাফিজুর রহমান 


















