দেশে এলপিজির কোনো ঘাটতি নেই জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে তিনি জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বরে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।
বর্তমান মজুত পরিস্থিতি বেশ ভালো এবং এলপিজি আমদানিকারক ও অপারেটররাও পর্যাপ্ত সরবরাহের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন।
উপদেষ্টা আরও জানান, পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতার প্রভাবে এমনটি হতে পারে। তবে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ বাড়াতে না পারে, সে বিষয়ে সরকার বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















