রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-১৮ আসন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন শেষে রাজধানীর উত্তরা সেক্টর-৭ লেকের আশপাশে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় লেকসংলগ্ন বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেসব এলাকায় মশা নিধনকারী ওষুধ স্প্রে করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তার উপস্থিতিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে লেকের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থানেও নজর দেওয়া হয়। একই সঙ্গে মশার বিস্তার রোধে নিয়মিতভাবে আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোরও প্রয়োজন রয়েছে।
তারা আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা জমে থাকা এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকলে এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত সামাজিক উদ্যোগে পরিণত করা প্রয়োজন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি, ভবনের ছাদ, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। বিশেষ করে যেসব পাত্র বা স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা-১৮ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এ সময় ঢাকা-১৮ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান 


















