বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বাড্ডায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, অসুস্থ অবস্থায় আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং পরবর্তী সময়ে তাঁর মরদেহ দেশে আনার ঘটনা ছিল অত্যন্ত হৃদয়বিদারক ও বিয়োগান্তক।
ড. এম এ কাইয়ুম বলেন, আরাফাত রহমান কোকো সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হয়ে ক্রীড়া সংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, যাতে তরুণরা ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে জীবিকা নির্বাহ করতে পারেন। এ জন্য রাষ্ট্র ও সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।
তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সরকার তাঁর অবদানের যথাযথ মূল্যায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদানের স্বীকৃতি আরও সুসংহত হবে।
কোকোর স্মৃতিচারণ করে এম এ কাইয়ুম বলেন, আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর মরদেহ দেশে আনার সময় তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বন্দি অবস্থায় ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, ওই সময় খালেদা জিয়াকে বালু ও কাঠের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে মায়ের কোলে সন্তানের লাশ তুলে দেওয়ার ঘটনা ছিল অত্যন্ত হৃদয়বিদারক।
এম এ কাইয়ুম বলেন, ‘মায়ের কোলে সন্তানের লাশ’ ছিল শেখ হাসিনার প্রতিহিংসার বহিঃপ্রকাশ। পৃথিবীর বিভিন্ন বিয়োগান্তক ঘটনা ও ট্র্যাজেডিকেও এই ঘটনা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই কোকো সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না হয়ে ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















