নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাঞ্চনে তাঁর নিজ বাসভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবারের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মরহুম আব্দুল মতিন চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে দেশের পাশাপাশি রূপগঞ্জের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আব্দুল মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 
















