চলমান এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা-২০২৬-এর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
শনিবার (৪ জুলাই) সকালে তিনি সদর উপজেলার একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্র পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পরীক্ষা চলাকালে যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে কেন্দ্র সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে সরকার নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 
















