রাজধানীর বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া মারাত্মক অসুস্থ এক নারীকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) তাকে বিশেষ ব্যবস্থাপনায় কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢামেকে নেওয়া হয়। রোগীর শারীরিক অবস্থার অবনতি এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় এই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রোগীকে ঢামেকে ভর্তি করার পর হাসপাতালের পরিচালক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে রোগীর চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
এমপি জাহাঙ্গীর হোসেন চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং রোগীর চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি না রাখার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ করেন। পাশাপাশি তিনি রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে রাজধানীর বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচ থেকে অসহায় অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















