আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত মুখ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪টায় রেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।
রাজনীতির দীর্ঘ পথচলায় এ কে এম রহমতুল্লাহ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় এমপি হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন এই প্রবীণ রাজনীতিক। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 








