বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় দলীয় নেতাকর্মীদের মধ্যে। সফরকালে যাত্রাপথের বিভিন্ন স্থানে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সড়কের পাশে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। নেতাকর্মীদের উপস্থিতিতে যাত্রাপথজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় ঢাকা-১৮ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়নের মাধ্যমে বিএনপি আজ আরও সুসংগঠিত হয়েছে। নেতাকর্মীদের ঐক্য ও জনগণের সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
যাত্রাপথে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং সফর সফল কামনা করেন। এসময় উপস্থিত নেতারা বলেন, ময়মনসিংহ সফরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়। কোথাও যেন যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়েও নজর রাখা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের এ সফরকে ঘিরে ময়মনসিংহ বিভাগজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















