নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) তারাব পৌর অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে তারাব পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে শিক্ষার মান প্রত্যাশিতভাবে উন্নত হয়নি। বিভিন্ন সময়ে শিক্ষা কমিশন গঠিত হলেও সেগুলোর সুস্পষ্ট ভিশনের অভাব ছিল। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষাকে জাতির কল্যাণে কার্যকরভাবে কাজে লাগানো। উচ্চমাধ্যমিক পাস করার পর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি শিক্ষাব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, প্রয়োজন মানসম্মত কারিকুলাম, দক্ষ শিক্ষক এবং কার্যকর শ্রেণিকক্ষ পরিবেশ। শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, সরকার অবকাঠামো নির্মাণ করতে পারলেও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রূপগঞ্জের কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
মূল আলোচক অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম বলেন, করোনা মহামারি ও সাম্প্রতিক সংঘাতের কারণে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি শিক্ষাকে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সেবাখাত হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাখাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রাথমিক শিক্ষাকে আরও নিরাপদ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া শিক্ষায় রাজনৈতিক প্রভাব কমিয়ে এনে একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নতুন শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 








