গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। বুধবার (২৫ নভেম্বর) তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। হাসপাতালে তাকে দেখতে গেলে সেখানে অবস্থানরত তার দল আরণ্যকের সদস্যরা বাংলাদেশ জার্নালকে জানায়, মামুনুর রশীদ গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ল্যাবএইড হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চিকিৎসকদের একটি বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং হাসপাতাল পরিবর্তনের বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ও শ্রদ্ধাভাজন এই মানুষটির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অনেকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
বিনোদন প্রতিবেদক 


















