রাজধানীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪২ নম্বর ওয়ার্ড শাখা। ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কাতোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ, বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মমিনুল হক, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আজাহার হোসেন, সহসভাপতি আল আজিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আমিন।
এ ছাড়া বিএনপি নেতা ছলিম মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতী দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ জানান। তাঁরা রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।
৪২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা জানান, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতেই তাঁদের এ অবস্থান কর্মসূচি।
নিজস্ব প্রতিবেদক 


















