ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে আত্মগোপনে থাকা এই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, এসআরবি-১ এর একটি বিশেষ দল মঙ্গলবার সকালে বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে আটক করে। প্রাথমিক কার্যক্রম শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ইতোমধ্যে গুলশান থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যান। যারা বিদেশে পালাতে পারেননি, তারা দেশের ভেতরেই গোপনে অবস্থান নিতে শুরু করেন।
এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি রয়েছেন। ধারাবাহিকভাবে চলমান এই অভিযানে এবার গ্রেপ্তারকৃতদের তালিকায় নতুন করে যুক্ত হলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়র।
সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। বাবার হাত ধরেই তিনি রাজনীতিতে পা রাখেন। ১৯৮৭ সালে ওয়ার্ড শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী লীগে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর ১৯৯৯ সালে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগে যোগ দেন এবং ২০০৪ সালে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। সর্বশেষ তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















