নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর শীতলক্ষ্যা নদীর বুকে ফিরছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় কাঞ্চন ব্রিজসংলগ্ন নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে এবং স্থানীয় আয়োজকদের ব্যবস্থাপনায় এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের। দীর্ঘ বিরতির পর নৌকাবাইচের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নৌকাবাইচ বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন। নদীর বুকে সারিবদ্ধ নৌকা, মাঝিদের সম্মিলিত বৈঠার টান, ছন্দময় গান আর দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে এ প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। নৌকার গতি ও মাঝিদের শারীরিক সক্ষমতার পাশাপাশি দলগত সমন্বয় এবং কৌশলও এ প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিটি বৈঠার টানে নৌকা যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন প্রতিযোগিতার উত্তেজনা ছড়িয়ে পড়ে নদীর দুই তীরে অপেক্ষমাণ দর্শকদের মধ্যে। মাঝিদের সম্মিলিত সুর ও দর্শকদের উচ্ছ্বাসে নদীকেন্দ্রিক জনপদে তৈরি হয় উৎসবের আবহ।
দীর্ঘদিন পর কাঞ্চনে নৌকাবাইচের আয়োজন শীতলক্ষ্যা নদীকে ঘিরে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের আয়োজন নিয়মিত করা গেলে লোকজ সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে গ্রামবাংলার ঐতিহ্য সম্পর্কে আগ্রহ বাড়বে। সেই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক মিলনমেলার পরিসরও বিস্তৃত হবে।
আয়োজকদের প্রত্যাশা, নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে। দীর্ঘ বিরতির পর এ প্রতিযোগিতার মধ্য দিয়ে কাঞ্চনের শীতলক্ষ্যা নদীতে আবারও ফিরে আসবে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের চিরচেনা উৎসবের আবহ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 















